রাজধানী ঢাকার রামপুরা ও লালবাগে ভবন থেকে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, শাকিল আহমেদ (২২) ও নাসির উদ্দিন বাদল (৬৮)।
আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন।
শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী রশিদুল ইসলাম জানান, তারা ৮-৯ মাস ধরে রামপুরা উলন রোডের একটি নির্মাণাধীন ৮ তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন।
সকালে তারা ভবনটির বাইরের দিকের বাঁশের মাচান খুলছিলেন। এ সময় শাকিল ভবনটির ২য় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে ঢামেক হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
শাকিল কমলাপুর এলাকায় থাকতেন। তবে তার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি সহকর্মী।
এদিকে মৃত বাদলের ছেলে নাইম জানান, তারা লালবাগ হরনাথ ঘোষ রোডের ৫৯ নম্বর বাড়ির ৬ষ্ঠ তলায় থাকেন। বাড়িটি তাদের। তার বাবা আগে চামড়ার ব্যবসা করতেন। বর্তমানে কিছুই করতেন না।
গত ১০-১২ বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ জন্য তাকে বেশির ভাগ সময়ই রুমের ভেতর আটকে রাখা হতো। বিভিন্ন জায়গায় চিকিৎসাও করানো হচ্ছিল তাকে।
মৃত বাদলের স্বজনরা জানান, দরজা বন্ধ থাকায় সকালের দিকে তিনি জানালা দিয়ে বের হবার চেষ্টা করেন। সেখান থেকে তিনি ভবনটির ৩য় তলায় পড়ে গুরুতর আহত হন।
দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এইচএন





