দিনাজপুরের হিলিতে ‘অপারেশন ব্লকরেড’ নামে বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ জুলাই) দিবাগত রাত থেকে রোববার (১৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে ১৫০ জন পুলিশ অংশ নেন।

এসময় ২১০ বোতল ফেনসিডিল, ১০০টি নেশা জাতীয় ইনজেকশন ও ৯০টি ইয়াবাসহ ৩৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ২৮টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৬৫ জন আসামিকে গ্রেফতার করে আদালতের প্রেরণ করা হয় বলে জানায় পুলিশ।

এমএনজে