বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)-এর প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার জনগণের জন্য অবাধ ও সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে এবং অপতথ্য থেকে সুরক্ষা দিতে বদ্ধপরিকর। তিনি উল্লেখ করেন, বর্তমান বাস্তবতায় গণমাধ্যম খাতের বড় চ্যালেঞ্জ হলো দ্রুত ডিজিটাল পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো।

তিনি বলেন, “আমাদের পলিসি এখনো অনেকাংশে এনালগ, কিন্তু চ্যালেঞ্জ ডিজিটাল। তাই সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিমালার আধুনিকায়ন জরুরি।”

জহির উদ্দিন স্বপন আরও বলেন, সরকার কোনো কিছু চাপিয়ে দিতে চায় না; বরং গণমাধ্যমের বিকাশে সহায়ক বা ‘ফেসিলিটেটর’ হিসেবে কাজ করতে আগ্রহী।

তিনি জানান, গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার স্থায়ী ও টেকসই সমাধানে অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি ‘গণমাধ্যম কমিশন’ গঠন করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সুস্থ ঐকমত্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বিজেসির প্রতিনিধি দল ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করে। তারা ব্রডকাস্ট মিডিয়ার ডিজিটালাইজেশন, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা এবং ইলেকট্রনিক মিডিয়ার নীতিগত ও কারিগরি সংকট তুলে ধরেন।

তথ্যমন্ত্রী তাদের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বিজেসি চেয়ারম্যান ফাহিম আহমেদ, সদস্য সচিব ইলিয়াস হোসেন এবং ট্রাস্টি সদস্য রেজোয়ানুল হক, তালাত মামুন ও নূর সাফা জুলহাজ উপস্থিত ছিলেন।

এস