রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দু'জন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহতরা ২০০৪ সালে পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হত্যা মামলার আসামি।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, কামাল হোসেন মণ্ডল (৪৭) ও ওমর খাঁ (৩৫)। তাঁদের বাড়ি উপজেলার কসবামাজাইল গ্রামের শান্তিখোলা ও মৌরাট ইউনিয়নের বড়চৌবাড়িয়া গ্রামের চরপাড়ায়। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শ্যুটার গান, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও ছয়টি গুলির খোসা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

পাংশা থানার উপপরিদর্শক (এসআই) হাসিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বেলা আড়াইটার দিকে ওমর খাকে গোয়ালন্দ ঘাট এলাকা ও কামালকে লাঙনবাধ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তাঁদের দেওয়া তথ্য অনুসারে রাতে অস্ত্র উদ্ধারের জন্য পূর্ব পাট্টার এশটি মেহগনি বাগানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করে।

এসআই হাসিনা বেগম আরও বলেন, কামাল ২০০৪ সালে নিহত পাংশা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হত্যা মামলার এক নম্বর আসামি। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। ওমরের বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা রয়েছে।

এআই