বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ বিষ্ণুপুর গ্রাম থেকে একটি মেছোবাঘ আটক হয়েছে। পরে স্থানীয় লোকজন ওই মেছোবাঘটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে।
গত কয়েকদিন ধরে বিষ্ণুপুর এলাকায় মেছোবাঘটি আক্রমণ করে বেশ কয়েকবাড়ি থেকে হাঁস মুরগি নিয়ে গেছে। এ অবস্থায় শনিবার সকালে গ্রামবাসী ফাঁদ পেতে আফজাল শেখের বাড়ি থেকে ওই মেছোবাঘটি খাঁচাবন্দী করতে সমর্থ হয়। পরে শনিবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের ঢাংমারীর গহীণ বনে মেছোবাঘটিকে অবমুক্ত করা হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, ‘কয়েকদিন ধরে মোছোবাঘটি দক্ষিণ বিষ্ণুপুর গ্রামে আক্রমণ করে হাঁস-মুরগী মেরে ফেলছে। এছাড়া ওই গ্রামের আফজাল শেখের বাড়িতে মেছো বাঘটি এসে প্রায়ই হাঁস ও মুরগি খেয়ে সাবাড় করে দেয়। শুক্রবার রাতে পুনরায় মেছোবাঘটি আফজাল শেখের বাড়িতে মুরগি খেতে এসে ফাঁদে ধরা পড়ে ।
পরে বনবিভাগকে জানালে সেখান থেকে সুন্দরবন বিভাগের একটি দল বাঘটিকে খাঁচাবন্ধী করে সদরের পূর্ব সুন্দরবন বিভাগীয় কার্যালয়ে নিয়ে আসে। লেজসহ চারফুট লম্বা ওই মোছোবাঘটির বয়স প্রায় দুই বছর বলে জানান ডিএফও। গ্রামবাসী এটিকে তাদের কাছে হন্তান্তর করার পর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। কৌতুহলী এলাকাবাসী এটাকে এক নজর দেখতে ভিড় করে আফজাল শেখের বাড়িতে।
জেআই





