দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ৩ টায় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
সাঈদ খোকন বলেন, এখন শেষ মুহুর্তের কিছু কাজ চলছে। আবহাওয়া নিয়ন্ত্রণে থাকলে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, জাতীয় ঈদগাহ মাঠে এক সঙ্গে লক্ষাধিক মানুষ নামাজ আদায় করতে পারবে। ১০ হাজার নারী নামাজে অংশ নিতে পারবেন। এছাড়া অজুখানার ব্যবস্থা রয়েছে। ভ্রাম্যমান টয়লেটেরও ব্যবস্থা থাকবে।
বিকেলে আর্মি, পুলিশ ও ৠাবের সমন্বয়ে গঠিত বোম ডিস্ফোজাল ইউনিট মাঠে তল্লাশি চালাবেন বলে জানিয়েছেন মেয়র।
সবশেষে তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীতে ঈদের শুভেচ্ছা জানান।
এসএইচ





