সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ভোরে ৮৭/১ সেনপাড়ায় মহসিন চৌধুরীর বাসায় এ ঘটনা ঘটে। ডাকাত হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেন।

ওসি সাখাওয়াত হোসেন  জানান, শুক্রবার ভোরে সেনপাড়ার মহসিন চৌধুরীর বাসার সিসি ক্যামেরা ও লাইট কাপড় দিয়ে ঢেকে দেয় ডাকাতরা। এসময় বাসার লোকজন বিষয়টি টের পেয়ে আশপাশের বাসার লোকজনকে জানান।

একপর্যায়ে এলাকার লোকজন ডাকাতদের ঘিরে ফেলে। তারা ডাকাত দলের চার সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গণপিটুনিতে গুরুতর আহত হওয়ায় ডাকাতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি জানান, গণপিটুনির শিকার ডাকাতরা হলেন- সুমন (২৭), ইকবাল (৩০), আখতার (৩২) ও মানিক (৩০)। এদের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। তবে চারজনের মধ্যে কে মারা গেছেন তা জানাতে পারেননি ওসি।

ওসি বলেন, গত কয়েকদিন আগেও সেনপাড়ায় দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। তাই লোকজন ক্ষুব্ধ ছিলেন। ফলে ডাকাতদের পেয়ে তারা গণপিটুনি দিয়েছেন।

জেআই