ধর্ষণে ব্যর্থ হয়ে এক কলেজছাত্রীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার চেষ্টা করেছে স্থানীয় কয়েক দুর্বৃত্ত। সোমবার বিকাল ৩টার দিকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফুলতারা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফুলতারা গ্রামের হতদরিদ্র জনৈক ব্যক্তির কলেজপড়ুয়া মেয়েকে (১৬) দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে গ্রামের কলাবাগানের কাছে একই গ্রামের খসরু মিয়ার ছেলে সোলাইমান (২০) ও আরজু মিয়ার ছেলে সাব্বিরসহ (২২) ৪/৫ বখাটে পথরোধ করে।
এ সময় তারা মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকার শুরু করলে বখাটেরা তাকে এলোপাতারি কুপিয়ে ও গলা কেটে মৃত ভেবে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন এসে মেয়েটিকে জীবিত দেখতে পেয়ে প্রথমে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সেখানে ভিকটিমকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
এদিকে, খবর পেয়ে মেয়েটির কলেজ কর্তৃপক্ষ ও দেলদুয়ার থানার ওসি মোশারফ হোসেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান।
ভিকটিমের এক আত্মীয় জানান, মেয়েটির পরিবার খুবই দরিদ্র। তার বাবা অন্যের বাড়িতে কাজ করেন। অর্থের অভাবে তার বড় বোনের বিয়ে হচ্ছে না। মেয়েটির এক আত্মীয়া কলেজ শিক্ষিকা হওয়ায় তাকে ওই কলেজে পড়াশুনার সুযোগ করে দিয়েছেন।
কলেজ পরিচালনা কমিটির সদস্য আবদুস সালাম ভুঁইয়া বলেন, মেয়েটি খুবই মেধাবী হওয়ায় কলেজ থেকে তার লেখাপড়ার দায়িত্ব নেয়া হয়েছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
দেলদুয়ার থানার ওসি মোশারফ হোসেন বলেন, আমি হাসপাতালে গিয়ে মেয়েটিকে দেখে এসেছি। অপরাধীদের নাম-পরিচয় পাওয়া গেছে। অবশ্যই তাদের দ্রুত গ্রেফতার করা হবে।
এআর





