ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সদরের ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

আজ বৃহস্পতিবার দুপুরে আট-নয়জন যুবক লাঠিসোটা নিয়ে এ হামলা চালায়। হামলাকারীরা কলেজ অধ্যক্ষের কক্ষ, একটি শ্রেণিকক্ষ এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে।

অধ্যক্ষ হোসেন আলী চৌধুরী জানান, শিক্ষক-কর্মকর্তাসহ তিনি এখন ঢাকায় অবস্থান করছেন। খবর পেয়ে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইলে অবগত করেছেন।

তারাকান্দা থানার ওসি মো. মাজহারুল হক জানান, কলেজ কর্তৃপক্ষ হামলার বিষয়টি জানানোর পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে থাকা তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মোজাহিদুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হামলার ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না।

এমবি