রাজধানীর কল্যাণপুর এলাকায় সুমা আক্তার (২৬) নামের এক মেডিক্যাল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ল্যাব মেডিসিন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে কলাবাগানের কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তার স্বামী।

নিহত সুমা আক্তার পটুয়াখালীর বাউফল উপজেলার রাজানগর গ্রামের তমিজ উদ্দিনের মেয়ে। স্বামী আমিনুল ইসলামের সঙ্গে কল্যাণপুরের শাহী মসজিদ এলাকার ১১ নম্বর রোডের ৪৪ নম্বর বাড়ীতে ভাড়া থাকতেন সুমা।

নিহতের চাচা নুরুল ইসলাম জানান, সুমা ল্যাব মেডিসিন কোর্সে ঢামেকে অধ্যায়নরত ছিল। তার স্বামী একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত। প্রায় এক বছর আগে ভালোবাসার সম্পর্কে তাদের বিয়ে হয়।

বিয়ের কয়েক মাস পর থেকেই আমিনুল যৌতুকের জন্য তার সঙ্গে দুর্ব্যবহার করতেন বলে অভিযোগ করেন নুরুল। এরই জের ধরে আমিনুল তাকে হত্যা করেছে বলে ধারণা করছেন নুরুল ইসলাম।

তিনি বলেন, ‘হত্যার বিষয়টি আড়াল করতে মৃত্যুর পর সুমাকে নিয়ে চিকিৎসার নামে কলাবাগানের কমফোর্ট হাসপাতালে যায় আমিনুল। পরে খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এ সময় নিহতের গলায় কালো দাগের চিহ্ন পাওয়া যায়।’

মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য লাশটি ঢামেক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এআর