“আসন্ন সিটি করপোরেশন নির্বাচন (৩০ জানুয়ারি) উপলক্ষে ঢাকা শহর থেকে বহিরাগতদের বের করার কোনো সুযোগ নেই। কারণ ঢাকা শহরে সারাদেশ থেকে লোকজন আসেন। তাদের বের করা সম্ভব নয়।” বলেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এক বৈঠক শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মো. আলমগীর বলেন, “ভোটের দিন সরকারি যান চলবে। এক এলাকায় বসবাস করে কিন্তু ভোটার অন্য এলাকার, তারা তাদের প্রাইভেটকার নিয়ে ভোট দিতে পারবেন। যদি পুলিশ ধরে, বাসার ঠিকানা আর ভোটার আইডি কার্ড দেখিয়ে বলতে হবে, ভোট দিতে আসছি।”
কাউন্সিলর প্রার্থীরা ৩০ হাজার ভোটারের জন্য একটি ক্যাম্প করার বিধান না মানলে কী হবে?
এমন প্রশ্নে ইসি সচিব বলেন, “এটা যদি আচরণ বিধিমালার বাইরে হয়, তাহলে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দেখবেন। ইতোমধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ তারা নিয়েছেন। শাস্তিও দিয়েছেন।”
মো. আলমগীর বলেন, “অবৈধ অস্ত্র যাদের কাছে আছে, তাদের ধরতে জোর পদক্ষেপ নিতে বলা হয়েছে। খারাপ কোনো পরিস্থিতির রিপোর্ট নেই। সবই ভালো। খুবই আনন্দ উৎসবমুখর পরিবেশে সব প্রার্থী প্রচার চালাচ্ছেন। যারা আচরণ বিধি লঙ্ঘন করছেন, তাদের জরিমানা করা হয়েছে। তারপর সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে বিধি ভঙ্গ করলে আরও কঠোর শাস্তি দেয়া হবে। ক্রমান্বয়ে কঠোরতা বাড়ানো হবে।”
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিষয়ে ইসি সচিব বলেন, “প্রস্তুতি সন্তোষজনক। কোনো চ্যালেঞ্জ নেই। ভোটে প্রার্থীরা কতটা সক্রিয় থাকবে, তার ওপর ভোটারের উপস্থিতি নির্ভর করবে। অনেকেই ভোট নয়, পরিচিতি বাড়ানোর জন্য প্রার্থী হন। কেউ সরে গেলে কী করার আছে।”
এমবি





