দীর্ঘদিন কারাভোগের পর অবশেষে ৩২ বাংলাদেশিকে হস্তান্তর করেছে মিয়ানমার সরকার।
বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুস সাদাত সৌম্য সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকালে মিয়ানমারের মংডু শহরে বিজিবি ও মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগের এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ৩২ বাংলাদেশিকে হস্তান্তর করা হয়। তারা সকলেই অনুপ্রেবশসহ বিভিন্ন কারণে মিয়ানমারের কারাগারে বন্দি ছিলেন।
তিনি আরও জানান, বৈঠকে বাংলাদেশের ৮ সদস্যের বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার মো. জকারিয়া, মিয়ানমারের ১০ সদস্যের নেতৃত্ব দেন ইমিগ্রেশন স্টাফ অফিসার ইউ থান টুন লে।
ফেরত আনা ৩২ বাংলাদেশিকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য টেকনাফ থানায় পাঠানো হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, তাদের মধ্যে মহেশখালী উপজেলার ২ জন, চকরিয়া উপজেলার ১ জন, কক্সবাজার সদর উপজেলার ৩ জন রয়েছেন। বাকিরা টেকনাফের বাসিন্দা।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





