কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ জেলা বিএনপির সভাপতি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন বলেছেন, সরকার ক্ষমতা কুক্ষিগত করতে উঠে পড়ে লেগেছে। এজন্যই সরকার বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গুম, হামলা-মামলাসহ নানাভাবে হয়রানি ও নির্যাতন করেছেন। এভাবে জনতার আন্দোলন বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকায় পুলিশী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলপুর্ব সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ নব্য বাকশাল চক্রকে মতা থেকে হঠাতে নেতাকর্মীকে রাজপথে থাকার আহবান জানান।
এদিকে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে বিদ্যাময়ী গার্লস স্কুলের সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয়। পুলিশী বাধার মুখে মিছিলটি সেখান থেকে দলীয় কার্যালয়ে ফিরে যায়।
নগর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুল আলম, জেলা বিএনপি নেতা রতন আকন্দ, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আতিক, কেন্দ্রীয় যুবদল নেতা এনামুল হক আকন্দ লিটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা সুজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শামীম প্রমূখ উপস্থিত ছিলেন।
ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





