দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেফতার চুয়াডাঙ্গার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহমুদ আলমের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল আদালত।

প্রকৌশলী মাহমুদ আলম নিজ অফিসকক্ষে ঘুষ নেওয়ার সময় গত বুধবার বিকালে দুদক কর্মকর্তারা তাকে হাতেনাতে আটক করেন। দুদকের কুষ্টিয়া শাখার উপপরিচালক আবদুল গাফ্ফার বাদী হয়ে তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা থানায় ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করেন।

মাহমুদ আলমকে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তার জামিনের আবেদন করেন। কিন্তু সরকারপক্ষ এ আবেদনের বিপক্ষে যুক্তি তুলে ধরলে বিচারক ড.এবি এম মাহমুদুল হাসানের জামিনের আবেদন খারিজ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মাহমুদ আলম ঝিনাইদহ জেলা শহরের ছয় রাস্তার মোড় এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।

কেএইচ