গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে প্রায় ১০ হাজার টাকার সরকারি ওষুধসহ সমছেল হক (৪০) নামে এক ভ্যান চালককে সোমবার বিকেলে আটক করেছে স্থানীয় জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন থেকে ওই হাসপাতালের স্টোর কিপার নানা মহিদুল ইসলাম ও ষ্টোর ইনচার্জ হালিমা বেগম হাসপাতালের বেশি দামের ওষুধ চুরি করে বাইরে বিক্রি করে আসছিল।

সোমবার ওষুধগুলো বিক্রির উদ্দেশ্যে ভ্যানযোগে বাদিয়াখালি যাওয়ার সময় হাসপাতালের সামনের মোড়ে স্থানীয় লোকজন ভ্যানচালককে সন্দেহ হলে তাকে আটক করে।

এসময় ভ্যানচালক সমছেল জানায়, ষ্টোর কিপার মহিদুল ওষুধের কার্টুনটি বাদিয়াখালিতে পৌছানোর জন্য তার ভ্যানে তুলে দেন।

স্থানীয়রা সমছেল হককে সাথে করে মহিদুলকে আটক করার জন্য হাসপাতাল চত্বরে একত্রিত হলে ষ্টোর কিপার মহিদুল পালিয়ে যায়।

পরে স্থানীয়দের মধ্যে একরাম,আনু মিয়া, বাবু মন্ডলসহ আরও কয়েকজন ওষুধগুলো ষ্টোর ইনচার্জ হালিমা বেগমের হেফাজতে রাখে এবং ভ্যানচালককে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেয়া হয়।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমল চন্দ্র সাহা জানান, ওষুধগুলো হালিমা বেগমের হেফাজতে আছে শুনেছি।

বিষয়টির সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গাইবান্ধা সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু চৌধুরী বলেন, ঘটনাটি দুঃখজনক। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এসএইচ