সরকার হেফাজতে ইসলামসহ অন্যান্য ইসলামি দলগুলোর সঙ্গে আপস করলেও নির্বাচনে তারা সরকারি দলকে ভোট দেবে না বলে সতর্ক করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। আজ সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত আলোচনায় ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন এসব কথা বলেন।
সরকারকে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, সতর্ক করতে চাই, হেফাজতকে যতই পৃষ্ঠপোষকতা করা হোক, যতই মাথায় হাত বোলানো হোক না কেন, তারা কখনো ভোটের ময়দানে সরকারের পক্ষে দাঁড়াবে না। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তৈরি ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি প্রসঙ্গে মেনন এসব কথা বলেন।
মেনন বলেন, ‘শিক্ষায় আমরা বহুদূর এগিয়েছি। মাধ্যমিকে মেয়েদের সংখ্যা অনেক ক্ষেত্রে বেশি। এটা যেমন বাড়ছে, তেমনি হিজাব, চোখমুখ ঢাকা ছেলেমেয়ের সংখ্যাও বাড়ছে। এর সঙ্গে যদি নতুন পাঠ্যবই যুক্ত হয়ে যায়, তাহলে আমরা দেখতে পাব নতুন প্রজন্ম মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের দিকে আকৃষ্ট হচ্ছে। শিক্ষাক্ষেত্রে এই আপসের ফলে হেফাজত ভাস্কর্য ভাঙার কর্মসূচি দিয়েছে। ১০ মার্চ তারা কর্মসূচি পালন করবে। এরপর দেখব অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্য বা মিন্টু রোডে শহীদ পুত্রকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা যে ভাস্কর্য—তা ভাঙার কর্মসূচি দিচ্ছে।’
রাশেদ খান মেনন আরও বলেন, সরকারের উন্নয়নের মহাসড়কের গাড়িতে যাত্রী কারা? এর মধ্যে কি গরিব মানুষের জায়গা আছে? সমাজে ধনী-গরিব ও শহর-গ্রামের বৈষম্য প্রতিদিন বেড়েই চলছে। সমতা ছাড়া রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে না। স্লোগান উঠেছে, শেখ হাসিনার দীক্ষা, মানসম্মত শিক্ষা। কিন্তু হাজার হাজার জিপিএ পাওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিতে পারছে না। এ নিয়ে ভাবনাচিন্তা না করলে ভবিষ্যৎ প্রজন্ম পঙ্গু হয়ে জন্ম নেবে।
মাহমুদ





