জয়পুরহাটের পাঁচবিবিতে ৫ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ২৫০০ বোতল ফেন্সিডিল আটকের পর থানায় জমা না দিয়ে সোর্সের মাধ্যমে গায়েব করার অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার কনস্টেবল জাহাঙ্গীর, করিম, শহীদুল, শাহীন ও ইসমাইল গতকাল মঙ্গলবার গভীর রাতে আওলাই ইউনিয়নের পাগলা বাজার এলাকায় অভিযান চালান। এসময় ফেন্সিডিল বহনকারী ৩ টনের একটি ট্রাক ওই রাস্তা দিয়ে আসার সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করে।

এক পর্যায়ে পুলিশ সদস্যরা পাঁচবিবি-কামদিয়া সড়কের গোবিন্দগঞ্জ উপজেলার জিরো পয়েন্টের পিয়ারা-শাইলট্টি মোড়ের একটি দরগার এলাকায় নিয়ে গিয়ে ট্রাকটি তল্লাশি চালালে তার মধ্য থেকে ২৫০০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

পরে দেড় লক্ষ টাকার বিনিময়ে ট্রাক, ড্রাইভার ও হেলপারকে ছেড়ে দেয়া হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো শীর্ষ এক মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে অভিযুক্ত পুলিশ সদস্যরা।

তবে অভিযুক্তরা দাবি করেছেন, তারা ওই স্থানে গিয়েছিলেন তবে কোন মাদক পাননি।

জয়পুরহাটের সার্কেল এসপি বিমান চন্দ্র কর্মকার এর নিকট ঘটনা সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন ঘটনাটি আমার জানা নেই, বিষয়টি আমি এখনই খোজ খবর নিচ্ছি।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফরিদ হোসেন জানান, স্যারও আমাকে জানিয়েছে আমি এখন ওইসব কন্সটেবলকে ডেকে বিষয়টি জিজ্ঞাসা করব।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ