ফেনীর জেলখানায় এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এতিম আলী মেয়াদন (৩৫) নামের ওই যুবদল নেতার মৃত্যু হয়।

ফেনী জেলখানার জেলার দিদারুল আলম জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে এতিম আলী হৃদরোগে আক্রান্ত হন। এ সময় তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে মারা যান তিনি।

দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন অভিযোগ করেন ২২ জুন এতিম আলীকে আটক করে পুলিশ। এর পর তার ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়। চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে।

এতিম দাগনভূঞা পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। তিনি জেলার দাগনভূঞা উত্তর সুধরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে বলে জানান আকবর হোসেন।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই