গাজীপুরের কালীগঞ্জে অল্পের জন্য রক্ষা পেল শতাধিক শিক্ষার্থী। রোববার দুপুরে উপজেলার মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস জানান, শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের মূল ভবনের সামনে প্রায় ৭০/৮০ বছরের পুরনো রোডসাম্বল (পাহাড়ি) গাছের বিশাল আকারের একটি ঢাল আকস্মিকভাবে বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে মূল ভবনের উপর পড়ে যায়। আর ঘটনাটি ঘটার ৫ মিনিট আগে পরীক্ষা শেষ করে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করে।

ঘটনাটি যেখানে ঘটেছে সেখানেই অবস্থান করছিল শতাধিক শিক্ষার্থী ও একাধিক শিক্ষক। তাই ভাগ্যক্রমে তারা রক্ষা পায়। আতঙ্কিত হয়ে ছুটাছুটি করে বিদ্যালয়ে অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থীরা।

এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল জড়ো হয় শিক্ষার্থীদের অভিভাবক। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পি, হা-মীম গ্রুপের কনসালটেন্ট মাহজুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন দেওয়ান, সদস্য বেলায়েত হোসেন ও আশরাফ উজ্জামান।

এসময় অবস্থানরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বহু দিনের পুরাতন এই গাছগুলো বিদ্যালয় প্রাঙ্গণ থেকে কেটে ফেলার জন্য অনুরোধ জানান।  

জেআই