স্ত্রীর সঙ্গে অভিমান করে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজমুল হক ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তার স্বজনরা জানান, শনিবার রাত ৮টার দিকে ড. নাজমুল হক ক্যাম্পাস থেকে রংপুর নগরীর লালকুঠি এলাকায় ভাড়া করা বাসায় রিকশাযোগে ফিরছিলেন। পথেই মোবাইল ফোনে তার স্ত্রীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এসময় তিনি বাসায় না ফিরে ক্যাম্পাসে ফিরে যান।

চেম্বারে ঢুকে তিনি অতিরিক্ত ঘুমের বড়ি সেবন করে অচেতন হয়ে পড়েন। রাত ১২টা পর্যন্ত বাসায় না ফেরায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার পরিবার চিন্তিত হয়ে পড়ে। বিষয়টি তার পরিবার ড. নাজমুলের সহকর্মীসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়।

গভীর রাত পর্যন্ত তার সহকর্মীরা তার সন্ধানে নগরীর বিভিন্ন এলাকাসহ পুরো ক্যাম্পাস তন্ন তন্ন করে খোঁজে। কিন্তু তার সন্ধান মেলেনি। পরদিন ভোরে তার চেম্বারে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই