ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাবউদ্দিন আহমেদ চৌধুরী মিনারকে আবারও গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বারডেম হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

আসামি মিনারকে একরাম হত্যাকাণ্ডের সাত দিনের মাথায় গ্রেফতার করে পুলিশ। তবে গত ১৭ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে উচ্চ আদালত থেকে ছয়মাসের জন্য জামিন পান মিনার। তারপর থেকেই তিনি ঢাকার বারডেমে চিকিৎসাধীন ছিলেন।

একরাম মারা যাওয়ার পর এ উপজেলায় শূন্য চেয়ারম্যান পদটিতে রোববার আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার অভিযোগপত্রের প্রধান আসামি মিনারও এবার নির্বাচনের প্রার্থী।

৩০টি কেন্দ্রে ১৯৪টি বুথে ৭৬ হাজার ৭৮০ জন ভোটার ফুলগাজী উপজেলা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩০টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।

গত ২০ মে ফেনী শহরে প্রকাশ্যে একরামকে গুলি করার পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মিনারকে প্রধান ও অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

ঢাকা, ২১ সেপ্টেম্বর টাইমনিইজবিডি.কম, কেএ