রাজধানীর মোহাম্মাদপুর এলাকা থেকে আবুল কাশেম ফজলুল হক (২৫) ও নাজমুল হক (২৮) নামে দুই যুবককে গ্রেফতার করেছে মোহাম্মাদপুর থানা পুলিশ।
গতকাল (সোমবার) রাত ৯ টার দিকে তাদেরকে আটক করা হয়।
আজ মঙ্গলবার সকাল ৮ টায় পায়ে গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর শেরেবাংলানগর পঙ্গু হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়।
গুলিবিদ্ধরা হলো বরিশালের গৌরনদী উপজেলার মৃত. আমজাদ হোসেনের পুত্র নাজমুল হক (২৮) এবং পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার আব্দুল ওহাবের পুত্র আবুল কাশেম ফজলুল হক (২৫)।
তারা রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় থাকতো।
মোহাম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বলেন, মঙ্গলবার সকালে মোহাম্মাদপুর রাজিয়া সুলতানা রোডে তারা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। এসময় তাদের ছত্রভঙ্গ করতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোঁড়ে। পরে পুলিশ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তাদের দু'জনের পায়ে গুলি লাগে। তাদেরকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে গিয়ে দেখা যায় তাদের একজন আবুল কাশেম ফজলুল হক (২৫) কে অপারেশন থিয়েটার (ওটি) নেওয়া হয়েছে, আর অচেতন অবস্থায় গুলিবিদ্ধ নাজমুল হক (২৮) কে অপারেশন থিয়েটারের বারান্দায় রাখা হয়েছে।
তবে এ বিষযে হাসাপাতালের চিকিৎসক-নার্স কেউ কোন কথা বলতে চাননি।
এআই, জেএ





