ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৬ রোগী। এ নিয়ে বর্তমানে দেশের সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়াল ৫৪৯ জনে।

আজ শনিবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

গতকাল শুক্রবার (৯ জুন) সকাল ৮টা থেকে শনিবার (১০ জুন) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৫৬ জনের মধ্যে ১৪৮ জনই ঢাকার বাসিন্দা। বাকি আটজন ঢাকার বাইরের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ২১ জন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২৭৬ জন ও ঢাকার বাইরের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪৫ জন।

অন্যদিকে এ বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই হাজার ৪৫০ জন। তাদের মধ্যে ঢাকার এক হাজার ৭৮৫ জন ও ঢাকার বাইরের ৬৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন।

এবিএস