ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট থেকে বাংলাদেশের ছয় জেলার ২শ’ মানচিত্রসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে ভারতীয় দুই নাগরিকের কাছ থেকে এগুলো জব্দ করা হয়। ভারতীয় দুই নাগরিক হলেন- ভারতের উড়িষ্যার ভবেনেশ্বর গাজাপটি এলকার জয়দেব কারাডোর ছেলে বিকাশ কুমার (২৫) ও সুদাম বেহারার ছেলে প্রহরাত বেহারা (২৯)।
কাস্টমস সূত্রে জানা যায়, সন্ধ্যায় ওই দুই ভারতীয় নাগরিক নিজ দেশে ফেরার সময় কাস্টমস কর্তৃপক্ষ তাদের ব্যাগ তল্লাশি চালিয়ে বাংলাদেশের ছয় জেলার মানচিত্র পায় যেগুলো জরিপ ম্যাপ বলা হয়।
মানচিত্র ও পর্চাগুলো হলো বাংলাদেশের দিনাজপুর, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার।
সূত্র আরও জানা যায়, ওই দুই ভারতীয় নাগরিক ভারতের ভুবেনেশ্বরের সুরায়রা অ্যাসোসিয়েশনের কর্মচারী। দুই মাস আগে তারা চট্টগ্রামের পদ্মা ওয়েল কোম্পানিতে তেল লাইনের প্রজেক্টের কাজে এসেছিলেন।
পদ্মা ওয়েল কোম্পানির ম্যানেজার আমিনুল হক এ বিষয়ে মোবাইল ফোনে কাস্টমস কতৃপক্ষকে জানায়, ভারতীয় ওই দুই নাগরিক তাদের কোম্পানিতে কাজ করতে এসেছিলো। কাজের স্বার্থেই তারা ওই মানচিত্র ও পর্চাগুলো নিয়ে যাচ্ছিলো। তবে এগুলো ভারতে নিয়ে যাওয়ার জন্য কোনো অনুমতিপত্র নেয়নি তারা।
বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মারুফুল ইসলাম জানান, ঢাকা ও চট্রগ্রামের ২০০ পিস জরিপ ম্যাপসহ আটক দুই ভারতীয় নাগরিককে তথ্য পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থনায় সোর্পদ করা হয়েছে।
নাসির/জেড





