সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হয়েছেন মধ্যপ্রাচ্যের ছয় দেশের রাষ্ট্রদূত। তিনি আধ্যাত্মিক নগরী সিলেটের উন্নয়নে আরব দেশগুলোকে সহযোগিতার আহ্বান জানান।

শুক্রবার সন্ধ্যায় নগরীর হোটেল রোজভিউতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূতরা হলেন- ফিলিস্তিনের রাষ্ট্রদূত সাহের এম এইচ আবু ইয়াদেহ, মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাদ, ওমানের রাষ্ট্রদূত ওমর মো. রামদান আল বালুশি, লিবিয়ার রাষ্ট্রদূত মাহমুদ এমএম সালাদী, কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহিম এফ আলী ডাফিরি ও ইরাকের রাষ্ট্রদূত শাকির কাশিম মাহদী আল কাফ্ফাফ।

বৈঠককালে মেয়র আরিফুল হক চৌধুরী রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে বলেন, শাহজালাল (রহ.), শাহপরান (রহ.) ও ৩৬০ আউলিয়ার পুন্যস্মৃতিধন্য এই সিলেট একটি আধাত্মিক নগরী হিসেবে দেশ-বিদেশে পরিচিত। ধর্মীয় সম্প্রীতির অপূর্ব মেলবন্ধন সিলেটের আরেকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য।

মেয়র আরিফুল হক চৌধুরী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সিলেটের অগণিত লোকজন বসবাস করছেন এই তথ্য উপস্থাপন করে বাংলাদেশের অর্থনীতিতে তাদের অবদান তুলে ধরেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের মানুষের আরও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান। সেইসঙ্গে তিনি আধ্যাত্মিক নগরী সিলেটের উন্নয়নে মুসলিম দেশগুলোকে সহযোগিতার আহ্বান জানান।

সিলেটকে শিল্প কারখানা স্থাপনের আদর্শ স্থান হিসেবে উল্লেখ করে মেয়র সিলেটে বিনিয়োগের পাশাপাশি সিলেটের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর ব্যাপারেও তাদের সহযোগিতা প্রত্যাশা করেন।

ঢাকা, ২১ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস