সাভারের আশুলিয়ায় ডাকাতদের হামলায় তাহমিনা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছে। সোমবার রাত ৯টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে নিরিবিলি এলাকার ইউসুফ হোসেন নামের এক ব্যবসায়ীর দোতলা বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির কলিংবেল বাজালে তাহমিনা নামের ওই নারী তার স্বামী ইউসুফ হোসেন বাড়িতে এসেছে ভেবে ঘরের দরজা খুলে দেন। এ সময় ডাকাতরা ঘরের ভেতরে প্রবেশ করে ওই নারীকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করে। তাহমিনার ছেলে মাসুদুর রহমান ডাকাতদের বাধা দিলে তারা তাকে হাত পা বেঁধে রেখে নগদ কয়েক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পালানোর সময় ডাকাতরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করে।

পরে মাসুদুরের চিৎকারে আশপাশের লোকজনে এসে তাহমিনাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির জানান, দুর্বৃত্তদের হামলায় ওই নারীর মৃত্যু হয়েছে। ডাকাতি কি না সেটি তদন্ত করা হচ্ছে।

এমএম