বরগুনায় নয় বছরের একটি শিশুকে ধর্ষণ করেছে নাসির উদ্দীন (৪৩) নামের এক ব্যক্তি। পরে প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার বেলা ১১টার দিকে বরগুনা শহরের থানা পাড়ায় এ ঘটনা ঘটে। শিশুটিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর নাসির উদ্দীন ধর্ষণের কথা স্বীকার করে শিশুটির পরিবারের সঙ্গে আপোসের চেষ্টা করে। কিন্তু আপোস না হওয়ায় দুপুর দেড়টার দিকে নাসির উদ্দীন পালিয়ে যাওয়ার সময় কমিউনিটি পুলিশের সেক্রেটারি সুখরঞ্জন শীলসহ স্থানীয়রা তাকে আটক করে থানায় সোপর্দ করেন।

নাসির উদ্দীনের বাড়ি আমতলী উপজেলার আড়পাঙ্গাসিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামে। সে থানা পাড়ায় এক বাসায় কেয়ারটেকারের কাজ করতো। বাসার মালিক বাইরে যাওয়ার পর পাশের বাসায় বেড়াতে আাসা ওই শিশুটিকে ডেকে তার রুমে নিয়ে ধর্ষণ করে। পরে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম ও পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক শিশুটিকে দেখতে হাসপাতালে যান। এ সময় বিজয় বসাকের চোখে পানি আসতে দেখা যায়। তিনি শিশুটির শারীরিক অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে দ্রুত বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এসপি বিজয় বসাক বলেন, এমন দুর্ঘটনাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। অপরাধীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে সকলের কাছে তিনি সহযোগিতা কামনা করেন।

কেএইচ