যশোরে আলোচিত ডা. শফিক হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই দণ্ডাদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের ও সরকারি কৌসুলি এসএম বদরুজ্জামান পলাশ।
দণ্ডপ্রাপ্তরা হলেন যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার রজব আলীর ছেলে আশিকুর রহমান বাবলু (৪০) ও একই এলাকার মিরাতুল হকের ছেলে সাইফুল ইসলাম জাকির (৩৬)। এদের মধ্যে আশিকুর রহমান বাবুল পলাতক রয়েছেন।
মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি যশোর নতুন উপশহর এলাকার আবদুর রউফের ছেলে রাব্বু ওরফে মুরসালিন (২৮) ও যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে মোহাম্মদ রায়হানকে (২৮) খালাস দেয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২৯ জুলাই শহরের জেস ক্লিনিকে মালিক ডা. শফিকুল ইসলামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরদিন ৩০ জুলাই ডা. শফিকের পিতা আব্দুস সালাম ধাবক বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই অপূর্ব হাসান ২০১০ সালের ১৬ মার্চ চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
ওএফ





