চাঁদা দিতে অস্বীকার করায় দিনাজপুর শহরের নিমতলা সংগীত কলেজের সামনে শুভ গোস্বামী (২৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা।
এ ঘটনার পর স্থানীয়রা শুভকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করেন।
রোববার (৩ এপ্রিল) দুপুরে সেখানে শুভর শারীরিক অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) পাঠানো হয়।
আহত শুভ দিনাজপুর শহরের মালদহপট্টি এলাকার কসমেটিকস হাউজের মালিক ও জগদিশ গোস্বামীর ছেলে।
এ ঘটনায় পুলিশ বিশু (৩৫) ও দুলাল (২৮) নামে যুবলীগের দুই কর্মীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশিয় পিস্তল ও গুলির খোসা উদ্ধার করা হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জানান, দীর্ঘদিন থেকে কয়েকজন সন্ত্রাসী শুভর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এ হামলার ঘটনা ঘটে।
বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শুভর বাবা বাদী হয়ে আটক যুবকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
ওএফ





