কুষ্টিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ও বিএসটিআই’র অনুমোদনবিহীন সিল লাগিয়ে ভেজাল লাচ্চা সেমাই উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের দায়ে ইউনিক ফুড প্রোডাক্টস কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষন অধিদপ্তর।
রোববার (১১জুন) দুপুরে শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাজার এলাকায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালায়।
পরে ভ্রাম্যমাণ আদালত ভেজাল সেমাই উৎপাদনকারী ইউনিক ফুড প্রোডাক্টস কারখানার মালিক ইউসুফ গাফফারের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করে।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি এবং বিএসটিআইয়ের অনুমোদনবিহীন লাচ্চা সেমাই তৈরি করে বাজারজাত করছে। এছাড়াও লাচ্ছা সেমাই নামে সেমাই তৈরি ও প্যাকেট জাত করে জেলাসহ আশপাশের বাজারে বড় বড় দোকানে সরবরাহ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
তিনি বলেন, এসময় আমরা কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি দেখতে পাই। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি ও খাওয়ার অনুপযোগী সেমাই তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর (৪৩) ধারায় কারখানার মালিককে ৮০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বাজার মনিটরিং এর কার্যক্রমের অংশ হিসেবে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় বাজার মনিটরিং এর কর্মকর্তা রবিউল ইসলাম স্যানেটারী ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এমই/কুদরতে খোদা





