জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমার আমলে হয়নি, জিয়া কিংবা খালেদার আমলেও হয়নি ছিটমহল সমস্যার সমাধান। বর্তমান সরকারের আমলে তা করায় ১৬ কোটি মানুষের পক্ষ থেকে ভারত এবং বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাই।’
জেলার ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া ছিটমহল পরিদর্শনকালে বুধবার দুপুর ২টায় কালীরহাট বাজারে ছিটবাসীর উদ্দেশে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘৬৮ বছর ধরে ঝুলে থাকা ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। এ কারণে ছিটমহলবাসীদের অভিনন্দন জানাতে এখানে এসেছি।’
তিনি বলেন, ‘ছিটবাসীদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। কেননা কোচবিহার জেলায় আমার জন্ম। আর এই দাসিয়ারছড়া ছিটমহল ছিল কোচবিহার জেলার অন্তর্গত।’
এরশাদ বলেন, ‘অধিকার ও সুবিধাবঞ্চিত ছিটবাসীর আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নে সরকার ও আমার পক্ষ থেকে সব ধরনের সুবিধা দেওয়া হবে।’
এ সময় এরশাদের সঙ্গে ছিলেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য একেএম মোস্তাফিজার রহমান, ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মইনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।
জেআই





