বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত গমনাগমন কারী বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীরা ভারতের হরিদাসপুর চেকপোস্টে (পেট্রাপোল) ইমিগ্রেশন পুলিশ, কাস্টমস ও বিএসএফের দ্বারা হয়রানির শিকার হচ্ছে নানাভাবে। ভারতীয় কাস্টমস এর চাহিদা মতো টাকা না দিলে যাত্রীদের হয়রানির শিকার হতে হয়।

শুধু এমন ভোগান্তিই নয়, দেশি-বিদেশি যাত্রীদের মারপিট করার অভিযোগও রয়েছে ভারতীয় ইমিগ্রেশন, কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ একের পর এক উঠলেও এ নিয়ে কোনো মাথা ব্যাথা নেই কর্মকর্তাদের।

ভারতীয় পুলিশ বিভাগের কাজের ধীর গতিতে প্রতিদিন কয়েক হাজার বাংলাদেশি পাসপোর্ট যাত্রী সীমাহীন দুর্ভোগের শিকার হয়ে ভারতীয় ইমিগ্রেশনের তৈরী লোহার খাঁচায় যাত্রীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সীমাহীন দূর্ভোগের শিকার হচ্ছেন। নারী, শিশু এবং রোগীরা সবচেয়ে বেশী কষ্টের মধ্যে থাকতে হয়। মাঝে মাঝে যাত্রীদের এই লাইন চলে আসে নোম্যান্সল্যান্ড ছাড়িয়ে বাংলাদেশ সীমান্তে।

যাত্রীরা বলেছেন, বৈধপথে পাসপোর্ট-ভিসা নিয়ে এরকম দুর্ভোগ মেনে নেওয়া যায় না। এক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট বিভাগের নজর দেওয়া দরকার। একজন যাত্রী বৈধভাবে ভারতীয় হাই কমিশনে ভিসার নির্ধারিত ফি ও সরকারের ভ্রমণকরের টাকা জমা দিয়ে ভ্রমণ করতে ঘাটে ঘাটে দিতে হয় বিপুল পরিমান ঘুষের টাকা। এসব অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে অনেকেই অবৈধ পথে ভারত পারাপার করছেন। ফলে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব।

বাংলাদেশের সঙ্গে বেনাপোল-পেট্রাপোল সড়ক দিয়ে ভারতের যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় চিকিৎসা, ব্যবসা, আত্মীয়স্বজনদের দেখা ও ভ্রমণে দেশি-বিদেশি যাত্রীদের যাতায়াত দেশের অন্য সীমান্তের চেয়ে অনেক বেশি। গত এক বছরে বেনাপোল দিয়ে ভারতে বাঙলাদেশী পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বাড়ছে চারগুন। বর্তমানে প্রতিদিন প্রায় ছয় থেকে আট হাজার বৈধ যাত্রী এ পথে যাতায়াত করেন।

যাত্রীরা বলছেন, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ওপারে পৌঁছানোর পর থেকে তারা নানাভাবে হয়রানির শিকার হন। ভারতের কাস্টমস ও ইমিগ্রেশন কেন্দ্রে ঢোকার পর শুরু হয় যাত্রী হয়রানি। কাস্টমস কর্তৃপক্ষ যাত্রীদের ব্যাগ তল্লাশি শেষে পাসপোর্ট প্রতি ৫০০ থেকে এক হাজার টাকা ঘুষ দাবি করে। না দিলে তারা যাত্রীদের সঙ্গে চরম দুর্ব্যবহার করে থাকে। অনেক সময় যাত্রীদের আনা মালামাল ‘অবৈধ’বলে কেড়ে নেয়। কোনো কোনো যাত্রীর শরীর তল্লাশি করা হয় অসৌজন্যমূলকভাবে। চাহিদা মতো টাকা না দিলে যাত্রীদের বসিয়ে রাখা হয় ঘণ্টার পর ঘণ্টা। চাহিদা পূরণ না করলে পাসপোর্টে সিল না মেরে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়। পাসপোর্টে খোঁজা হয় ছোট খাটো ত্রুটি। ত্রুটি খুঁজে পেলেই মওকা। যাত্রীর কাছ থেকে জোর করে আদায় করা হয় কয়েকগুন বেশি টাকা।

নোমান্সল্যান্ডে লাল ও সবুজ পোশাকের ভারতীয় কুলি (লেবার) সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশি যাত্রীদের কাছ থেকে জোর করে প্রতিদিন আদায় করা হয় বিপুল টাকা। প্রায় ৯০ শতাংশ যাত্রীর কাছ থেকে তারা জোর করে আদায় করছে ৫০০ থেকে দুই হাজার টাকা। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে নানাভাবে হয়রানি করা হয়ে থাকে। মালামাল রেখে দেওয়ার ভয় দেখায় কুলিরা।

ফেরার পথে যাত্রীদের অনেককেই আরেক দফা হয়রানির শিকার হতে হয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে। বেশি ব্যাগ দেখলেই নিয়ে যাওয়া হয় বিএসএফ ক্যাম্পে। প্রতিবাদ করলে দৈহিক নির্যাতনও জোটে বলে অভিযোগ আছে।

ভারতীয় ভিসা দিতে ভারতীয় হাই কমিশন পাসপোর্ট প্রতি ৭০০ টাকা ফি নিয়ে থাকে। আর বাংলাদেশ সরকার নিচ্ছে ভ্রমণকর বাবদ ৫০০ ও বেনাপোল চেকপোস্ট টারমিনাল চার্জ বাবদ ৪২ টাকা করে। এছাড়া ভিসার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আরো টাকা যায়। যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ সরকার অনেক আগেই বেনাপোল চেকপোস্টে আন্তর্জাতিক কাস্টমস-ইমিগ্রেশন ভবন, স্ক্যানার মেশিন, প্যাসেনজার টারমিনালসহ বিভিন্ন স্থাপনার উন্নয়ন করেছে। বাড়ানো হয়েছে কাস্টমস ও পুলিশের জনবল।

কিন্তু ভারতে যাত্রীদের সুবিধার জন্য কিছুই করেনি ভারতীয় কাস্টমস ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ভারতীয় কাস্টমস ও ইমিগ্রেশনে যাত্রীদের জন্য বিশ্রামাগার ও টয়লেট সুবিধা নেই বললেই চলে। রোদ, বৃষ্টিতে ভিজে ও লম্বা লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। বেনাপোল ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ শেষ করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে প্রবেশের অপেক্ষায় পেট্রাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে খোলা আকাশের নিচে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের সেখানে নেই কোনো ওয়াশরুম বা শেড। পাসপোর্ট পরীক্ষার নামে ইমিগ্রেশন পুলিশের বিপুল সময় নষ্ট করার অভিযোগ পুরনো।

বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, বাংলাদেশে ভারতীয় হাই কমিশন থেকে ভারতের ভিসা সহজীকরণের কথা বলা হলেও টুরিস্ট, বিজনেস ও মেডিকেল ভিসায় বাংলাদেশি যাত্রীদের ওপর মাঝে মধ্যে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করে থাকেন পেট্রাপোল (হরিদাসপুর) ইমিগ্রেশন পুলিশ। জরুরি কাজে যারা ভারতে যাচ্ছেন, অল্প সময় বিরতি দিয়ে তাদের একাধিকবার যাতায়াতের অজুহাত দেখিয়ে পাসপোর্টে রিফিউজড সিল মেরে ফেরত পাঠায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এর ফলে ওই সব যাত্রী ভারতে তো যেতে পারেনই না, যাতায়াতসহ ভ্রমণকর বাবদ আর্থিকভাবে ক্ষতির শিকার হন তারা। রিফিউজড হয়ে আসা বাংলাদেশি যাত্রীরা বেনাপোল ইমিগ্রেশনকে বিষয়টি জানালেও তারা ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন’বলেন। কিন্তু সমস্যার কোনো সুরাহা হয় না।

গত ২১ এপ্রিল পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক বাংলাদেশি নারীকে মারাত্মক হয়রানি করেন পেট্রাপোল ইমিগ্রেশনের কর্মকর্তারা। ওই নারীর নাম অর্পিতা পাল। তার বিয়ে হয়েছে কলকাতার জনৈক আনন্দ দাশগুপ্তের সঙ্গে। তার ‘অপরাধ’ছিল, পাসপোর্ট খানিকটা নষ্ট হয়ে গেছে। এ জন্য তাকে ভারতে ঢুকতে দিচ্ছিল না ইমিগ্রেশন পুলিশ। দীর্ঘ সময় তপ্ত রোদে দাঁড় করিয়ে রাখায় হয় অর্পিতাকে। এক পর্যায়ে অর্পিতার শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়। আতঙ্ক দেখা দেয় যে, এতে তার গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় কিনা। খবর পেয়ে পেট্রাপোল থানার ওসির হস্তক্ষেপে অর্পিতাকে তার গাড়িতে করে বনগাঁ হাসপাতালে, পরে অ্যাম্বুলেন্সে করে কলকাতার একটি নার্সিং হোমে পাঠানো হয়।

এ ঘটনায় ওই ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন অর্পিতার স্বামী আনন্দ দাশগুপ্ত। ভারত-বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এই সংবাদ খবর প্রকাশ করেছে। কিন্তু দায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এর আগে গত ১১ এপ্রিল বিকেলে পেট্রাপোল ইমিগ্রেশনে নুর আলী (৪৫) নামে একজন বাংলাদেশি যাত্রীকেও নির্যাতন করে ইমিগ্রেশন পুলিশ। তার ‘অপরাধ’ছিল মার্চ মাসজুড়ে আত্মীয় বাড়ি কেনো ছিলেন? দশ দিন পর আবার কেনো যাচ্ছে ভারতে?

নুর আলী জানান, তিনি অসুস্থ, তাই চিকিৎসা নিতে তার নিকটআত্মীয় বাড়িতে অবস্থান করছিলেন। ডাক্তার দশ দিন পর আবার আসতে বলেছেন। তাই আবার আসা। তারপরও নুর আলীকে মানসিক নির্যাতন করা হয় এবং তার পাসপোর্টে রিফিউজড সিল মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

নুর আলী সাতক্ষীরা জেলার আলীপুর পাঁচপোতা গ্রামের গহর আলীর ছেলে। তার পাসপোর্ট নম্বর বিকিউ-০৭৩৭৪৩৯।

৯ এপ্রিল দুপুরে পেট্রাপোল ইমিগ্রেশনে মিনহাজ আরাফাত (২৯) নামে একজন বাংলাদেশি যাত্রীকে নির্যাতন করে পুলিশ। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার খালিশপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তার পাসপোর্ট নম্বর বিই-০৮৯৯৬৭৭।

তার ‘অপরাধ’ছিল ইমিগ্রেশন লাইনে দাঁড়ানো অবস্থায় কাছে থাকা মোবাইলে ফোনে রিং এলো কেনো? এ কারণে তার ওপর অমানুষিক নির্যাতন করে পাসপোর্টে রিফিউজড সিল মেরে বাংলাদেশে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ।

২ মার্চ ঢাকা-কলকাতার মধ্যে সরাসরি চলাচলকারী ভারতের সৌহার্দ্য পরিবহনের দুটি বাস দেরিতে ঢোকার কারণে পেট্রাপোল সীমান্তের নোম্যান্সল্যান্ডে আটকে রাখেন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্মকর্তারা। বাসের ৫১ জন যাত্রীকে সারা রাত সীমান্তের নোম্যান্সল্যান্ডে বাসে বন্দি রেখে পরের দিন সকালে ভারত যেতে দেওয়া হয়।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস এসোশিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন জানান, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে ব্যবসা, ভ্রমণ ও চিকিৎসার প্রয়োজনে এ পথে মানুষের যাতায়াত গত পাঁচ বছরে বেড়েছে চার গুণ। একই সঙ্গে যাত্রী হয়রানিও বেড়েছে পাল্লা দিয়ে। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা জরুরি বলে তিনি মনে করেন।

বেনাপোল’র আমদানি কারক আবু তাহের জানান, মাল্টিপল এবং টুরিস্ট ভিসার অর্থ ভিসার মেয়াদ থাকা পর্যন্ত যতবার দরকার ততবার যাওয়ার সুযোগ। কিন্তু সেখানে যদি ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ সময় বেঁধে দেয় তাহলে এ ভিসার কোনো অর্থ হয় না। যেখানে দুই দেশের সরকার মানুষের প্রয়োজন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে ভিসা ব্যবস্থা সহজীকরণ করছে, সেখানে ভারতীয় পুলিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্ত বাঙলাদেশীদের হতাশা করেছে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বার বার অভিযোগ জানিয়ে আসছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে কিন্তু  কোন ফল হচ্ছে না। প্রতিদিনই যাত্রী বাড়ছে।বেনাপোল পুলিশ ইমিগ্রেশন যাত্রীদের সুবিধার জন্য ১৬টি ডেস্কে যাত্রীদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বাংলাদেশ ইমিগ্রেশনে কোনো যাত্রী তাদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করতে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়না। ভারতের ইমিগ্রেশনের ধীরগতির কারণে যাত্রীদের দীর্ঘ লাইন পড়ে যায়। মাঝে-মধ্যে তারা যাত্রীদের ফেরতও পাঠাচ্ছে অহেতুক।

শেখ নাছির উদ্দিন/এসএম