ঢাকা ওয়াসা পানি সরবরাহ সেবায় দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান। রোববার (১৯ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঢাকা ওয়াসার পার্টনার ড্রিংক ওয়েল ‘ইউএস সেক্রেটারি অফ স্টেটস অ্যাওয়ার্ড ফর করপোরেট এক্সিলেন্স ইন দ্য ক্যাটাগরি অফ ক্লাইমেট রেজিলেন্স’ অর্জন করায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ওয়াসা এমডি বলেন, বর্তমানে ঢাকা ওয়াসা ডিজিটাল ওয়াসা। ‘ঘুরে দাঁড়াও ওয়াসা’ কার্যক্রমের মাধ্যমে আজ ঘুরে দাঁড়িয়েছে ঢাকা ওয়াসা। প্রধানমন্ত্রী শেখ হাসিনের উন্নয়নের ধারায় বাংলাদেশ এখন যেমন সবার কাছে মিরাকল, তেমনি এ সময়ে ঢাকা ওয়াসার অনেক পরিবর্তন হয়েছে, এগিয়ে গেছে। বর্তমান প্রধানমন্ত্রী একজন চেঞ্জমেকার, তার নির্দেশনা, দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে ঢাকা ওয়াসা আজ এগিয়ে চলেছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, জাতির কাছে প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের নেতৃত্বে দেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। স্বাধীন দেশ উপহার দেওয়ার পর বঙ্গবন্ধু দেশকে এগিয়ে নিচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে হত্যা করা হলো।
তিনি বলেন, উন্নয়নকেন্দ্রিক মানুষের সব ধরনের চাহিদা পূরণ করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। চিকিৎসা, ব্যবসা, কমিউনিটি ক্লিনিক সেবাসহ সব ধরনের সেবা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে সরকার। দেশে শিক্ষিতের হার বেড়ে চলেছে। পুরো দেশে ইন্টারনেট সেবা আছে, এটাকে ব্যবহার করে আমাদের আরও এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এইচএম





