ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে শনিবার দিবাগত রাতে জলদস্যুরা হামলা চালিয়ে ৯ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। পুলিশ অপহৃত দুই জেলেকে উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে জেলেরা তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকার মেঘনা নদীতে মাছ ধরতে যায়। দিবাগত রাত ২টার দিকে মাছ ধরা অবস্থায় জেলেদের ট্রলারে হামলা চালায়। এসময় জলদস্যুরা ৯ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত জেলেরা হলেন আওয়ামী লীগ নেতা কাসেম তালুকদারের মৎস্য আড়তের লোকমান মাঝি, জসিম চেয়ারম্যানের মৎস্য আড়তের হাসেম মাঝি, নুরু মাঝি, সাঈদ মাঝির মৎস্য আড়তের নাসির মাঝি, আজগরের মৎস্য আড়তের জহির মাঝি, জামাল পাটওয়ারীর মৎস্য আড়তের মহিউদ্দিন মাঝি, নাসিম হাওলাদারের মৎস্য আড়তের কাসেম মাঝি, টিপু সুলতানের মৎস্য আড়তের কালাম মাঝি ও আব্বাস মাঝি। অপহৃত জেলেরা তজুমদ্দিন উপজেলার শষিগঞ্জ, মহেষখালী ও চৌমুহনী মৎস্য ঘাটের জেলে বলে স্থানীয়রা জানান।

ঘটনার সত্যতা স্বীকার করে তজুমদ্দিন থানার ওসি মো. সুলতান মাহমুদ জানান, চর গজারিয়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে অপহৃত দুই জেলে জহির মাঝি ও মহিউদ্দিন মাঝিকে উদ্ধার করেছে।

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই