বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত অব্যাহত রাখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।

নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বাতাসের তারতম্য বেশি হওয়ায় উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছে থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই