ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জাবেদ মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ গতকাল বিকালে জাবেদকে গ্রেফতার করে।
পুলিশের দাবি, ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য।
আজ (সোমবার) ভোর সাড়ে ৩টার দিকে নবীনগর উপজেলার দক্ষিণ কাইতলা ইউনিয়নের মহেশপুর আঞ্চলিক সড়কের হাওরভাঙ্গা সেতুর কাছে এ ঘটনা ঘটে।
নিহত জাবেদ মিয়া (৪০) উপজেলার কাইতলা ইউনিয়নের দক্ষিণ পূর্বপাড়া গ্রামের ইদন মিয়ার ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম শিকদার দাবি করেন, গতকাল রোববার (০৪ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ কাইতলা এলাকা থেকে জাবেদকে আটক করা হয়। গ্রেফতারের পর জাবেদকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য হাওরভাঙা এলাকায় যায়। এ সময় তাঁর সঙ্গীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় গুরুতর আহত হন জাবেদ। আহত অবস্থায় তাঁকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের আরও দাবি, এ ঘটনায় তাদের পাঁচ সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন- উপ-পরির্দশক এহসানুল হাসান, কনস্টেবল নাজমুল, পারভেজ প্রমুখ।
জাবেদ মিয়ার বিরুদ্ধে নবীনগর থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র মামলা'সহ মোট ৯টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এমবি





