যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন দুই দিনের সফরে রোববার বাংলাদেশে আসবেন। আগামী ৫ থেকে ৬ নভেম্বর তিনি ঢাকা সফর করবেন।

সফরে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব সংলাপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এছাড়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা সংকটের মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। বাংলাদেশের পক্ষ থেকে এই সংলাপে রোহিঙ্গা ইস্যুটি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রেরও আগ্রহ রয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের পক্ষে সংলাপে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।

উল্লেখ্য, অংশীদারিত্ব সংলাপে তিনটি ভাগে নিরাপত্তা, ব্যবসা ও বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা ও সুশাসন নিয়ে আলোচনা হয়ে থাকে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি এবং অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়। ২০১২ সাল থেকে প্রতিবছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এই সংলাপে দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াও সুযোগ ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

দুই দিনের সফর শেষে ৬ নভেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়বেন শ্যানন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কার মধ্যকার অংশীদারিত্ব সংলাপে অংশ নেবেন।

জেড