মালয়েশিয়ায় একটি অবকাঠামো নির্মাণের সময় মাথায় ইট পড়ে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

শনিবার দুপুরে তুন ডা. লিম চুং ইইউ এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি শ্রমিকের বয়স আনুমানিক ৩০ বছর।

মালয়েশিয়া দূতাবাসের কাউন্সিলর (লেবার) মন্টু কুমার বিশ্বাস এ দুর্ঘটনাটির কথা শুনেছেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, আমি শুনেছি নির্মাণ কাজ চলার সময় এক বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। তবে যেহেতু আজ মালয়েশিয়ায় ছুটির দিন, তাই বিষয়টি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে পারিনি।

এদিকে মালয়েশিয়ার বহুল পঠিত গণমাধ্যম দ্যা স্টার অব মালয়েশিয়া তাদের অনলাইন সংস্করণে জানায়, দুপুর ১টা ৪০ মিনিটে একটি নির্মাণাধীন অবকাঠামোতে কাজ করার সময় ক্রেন থেকে শ্রমিকদের উপর দুইশ’ ইট পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত ও আরও দুইজন আহত হন।

প্রত্যক্ষদর্শী বাংলাদেশি বরাত দিয়ে পত্রিকাটি আরও জানায়, নিহতের বয়স ৩০ এর কাছাকাছি। ঘটনাস্থলে আট শ্রমিক কাজ করছিলো।

আহত বাকি দুজন পায়ে আঘাত পেয়েছেন। তাদের স্থানীয় ‍হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই