'বাংলাদেশের মানুষ মানবাধিকার থেকে বঞ্চিত'উল্লেখ করে তা রক্ষায় বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান হয়েছে।

আইনজীবীদের সংগঠন 'বাংলাদেশ বার কাউন্সিল'কার্যালয়ে আয়োজিত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন এ আহবান জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন,'যতক্ষণ পর্যন্ত সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের জন্য মানবাধিকার একটি কল্পকাহিনী হয়ে থাকবে।'

'বর্তমান সরকার অগণতান্ত্রিক'উল্লেখ করে খন্দকার মাহবুব বলেন, 'গণতন্ত্রবিহীন রাষ্ট্রে কখনও মানবাধিকার থাকে না।'

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বলেন, 'সাম্য, ন্যায় বিচার, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার অন্যতম হাতিয়ার হচ্ছে মানবাধিকার। কিন্তু বাংলাদেশের জনগণ আজ মানবাধিকার থেকে বঞ্চিত।'

তিনি বলেন, 'ক্ষমতা দখলকারী বর্তমান সরকার নির্বিচারে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিরোধী মতের মানুষের ওপর নির্যাতন, বিচার বহির্ভূতভাবে সরকারবিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ নির্যাতন, গুম ও হত্যা করে মানবাধিকার লঙ্ঘন করছে।'

এ ছাড়া বাক স্বাধীনতা বন্ধে বিভিন্ন টিভি চ্যানেল বন্ধ এবং সাংবাদিকদের ওপর নির্যাতন করা হচ্ছে।'

খন্দকার মাহবুব বলেন, 'উচ্চ আদালতের বিচারকদের হুমকি ও আতঙ্কের মধ্যে রাখার জন্য অনির্বাচিত ও বিতর্কিত সংসদের হাতে তাদের অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছে।

বিচার বিভাগ আজ ক্ষমতাশীন দলের প্রভাবে প্রভাবিত। ফলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে।'

এমকে