ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

রোববার রাত ১০টায় ট্রেন চলাচল শুরু হয়। 

হেফাজতে ইসলামের হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় গোলযোগ হওয়ায় এসব রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। 

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে  ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশনমাস্টার শয়েব আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

রেলওয়ে সূত্র জানায়, গতকাল সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে মালবাহী ট্রেন ছেড়ে যায়। পরে সকাল ৯টায় সিলেটের উদ্দেশে পারাবত এক্সপ্রেস ছেড়ে যায়। এরপর থেকে হরতালে উত্তপ্ত পরিস্থিতির কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে রাত ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু হয়।

হরতালের দিন সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার মাঝখানে ১৮ নম্বর রেলসেতুতেও আগুন দেওয়া হয়।

এমআর