জেলার বাকলিয়া শাহ আমানত সেতু এলাকা থেকে দুই হাজার ৫৫০ পিস ইয়াবাসহ মো. আব্দুস সবুর প্রকাশ আমান (৩১) ও তার সহযোগী মো. কবির হোসেনকে (২৭) আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।
আমান টেকনাফের হ্নীলা বাজার এলাকার রফিক উদ্দিন ও কবির কুমিল্লার বুড়িচং এলাকার মো. জাহেদ আলীর ছেলে।
সিএমপির বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এর মধ্যে সাংবাদিক পরিচয়দানকারী আমানের কাছ থেকে ১২টি কোমরের বেল্টসহ একটি বিস্কুটের খালি কার্টনের ভিতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় দুই হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আর সহযোগী কবিরের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, কার্টনে তল্লাশি চালানোর সময় আমান নিজেকে কক্সবাজার খবর ২৪ ডটকম পত্রিকার টেকনাফ প্রতিনিধি বলে পরিচয় দেন। আসলে সে কোনো সাংবাদিক নয়। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।
জেআই





