ঘন কুয়াশার কারণে সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে সোমবার ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক সালাউদ্দিন রাসেল জানান, মাঝরাত থেকেই নদীতে কুয়াশা পড়ছিল। ভোরের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়।

তীরে ভিড়তে না পেরে শাহ মখদুম, ভাষা শহীদ বরকত, কাবেরী, কুমারী, বনলতা ও শাপলা শালুক নামের ছয়টি ফেরি মাঝ নদীতে আটকে যায়। পাড়ের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে সাতটি ও দৌলতদিয়া ঘাটে দুটি ফেরি পাড়ের অপেক্ষায় ছিল।

তিনি আরও জানান, এই রুটে ছয়টি রোরো, তিনটি কে-টাইপ ও ছয়টি ইউটিলিটি মোট ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়।

ফেরি চলাচল বন্ধের কারণে পাটুরিয়া ঘাটে বাস, ট্রাক ও ছোটগাড়ি মিলিয়ে প্রায় ২০০ যানবাহন পাড়ের অপেক্ষায় আটকা পড়ে।

এআর