মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কালিদাস কর্মকার আর নেই। রাজধানীর ইস্কাটনের বাসায় বাথরুমে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে পা পিছলে পড়ে গেলে তাকে উদ্ধার করে শুক্রবার বেলা পৌনে একটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
শিল্পীর মরদেহ রাখা হবে বারডেমের হিমঘরে। কাল শিল্পীর দুই কন্যা দেশে ফিরলে শেষকৃত্যের সিদ্ধান্ত নেওয়া হবে।
কালিদাস কর্মকার বাংলাদেশের একজন প্রথিতযশা চিত্রশিল্পী যিনি নিরীক্ষাধর্মীতার জন্য বিখ্যাত। ১৯৪৬ খ্রিস্টাব্দে ফরিদপুরে তাঁর জন্ম। শৈশবেই তিনি আঁকতে শুরু করেন। স্কুল জীবন শেষে ঢাকা ইনস্টিটিউট অব ফাইন আর্টস থেকে তিনি ১৯৬৩-৬৪ খ্রিস্টাব্দে চিত্রকলায় আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেন।
পরবর্তীকালে কলকাতার গভর্নমেন্ট কলেজ অব ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট থেকে ১৯৬৯ খ্রিস্টাব্দে প্রথম বিভাগে প্রথম স্থান নিয়ে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ইয়োরোপীয় আধুনিকতার ঘরানার শিল্পী।
চিত্র, ছাপচিত্র, স্থাপনা ও মিশ্রমাধ্যমে তাঁর অসামান্য নিরীক্ষাপ্রবণতার কাজ বাংলাদেশের চিত্রকলার ইতিহাসে তাকে অমর করে রাখবে।
এমআর





