পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার ভিন্নগ্রামে আল আমিন হোসেন (৩৫) নামে এক চরমপন্থি নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ভিন্নগ্রামের ইছামতির নদীর বাঁধ (ডাইক) থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
আল আমিন চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল'র (লাল পতাকা) আঞ্চলিক নেতা ছিলেন। তিনি একই গ্রামের ফজলাল মিয়ার ছেলে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, শনিবার রাতের কোনো এক সময় ভিন্নগ্রামের ইছামতি নদীর ডাইকে আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করার পর মৃতদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।আজ সকালে স্থানীয় কৃষকরা মাঠে যাওয়ার সময় মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
আল আমিনের বিরুদ্ধে সাঁথিয়া ও আতাইকুলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এমআর





