লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৫০ বোতল ফেনসিডিলসহ আলম মিয়া(২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার খামার ভাতি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলম জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী এলাকার আঃ আজিজের ছেলে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার এসআই নুরল হক জানান, সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খামারভাতি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে আটক করলে তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জনান তিনি।

নুরনবী/এএস