গোপালগঞ্জে সোহান সিকদার (১৮) নামে এক চালককে গলা কেটে হত্যার পর দুর্বৃত্তরা তার ইজিবাইকের ৪টি ব্যাটারি খুলে নিয়ে যায়।

আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় তহসিল অফিসের কাছ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা রবিবার রাতে যে কোনও সময় সোহানকে হত্যা করা হয়েছে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ কথা জানান।

নিহত সোহান উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নিলখী গ্রামের গোলাম সিকদারের ছেলে। এ ঘটনায় পুলিশ একই ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের আলাল ফরাজীর ছেলে শাওন ফরাজীকে (২৫) আটক করেছে।

গোপালগঞ্জ সদর উপজেরার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মীর সাজেদুর রহমান জানান, রোববার রাতে শাওন শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে সোহানের ইজিবাইকটি ভাড়া করেন। রাতে সোহান বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে।

সোমবার সকালে স্থানীয়রা সদর উপজেলার করপাড়ায় মধুমতি নদীর বিলরুট ক্যানেলের খাদে ইজিবাইকটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ইজিবাইকটি উদ্ধার করে। ইজিবাইক উদ্ধার হওয়ার পর নিহতের স্বজনরা শাওনকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে।

পরে তাকে পুলিশে দেয় তারা। শাওন বর্তমানে গোপালগঞ্জের বৌলতলী ফাঁড়িতে পুলিশ হেফাজতে রয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ সাতপাড় ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন পুকুর থেকে সোহানের লাশ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, শাওন ইজিবাইক চালক। সে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে ওই ইজিবাইক চালককে ভাড়া করে।

পরে তাকে হত্যা করে ইজিবাইক থেকে ব্যাটারি খুলে নিয়ে গোপালগঞ্জে শহরের গেটপাড়ায় নিয়ে ১৮ হাজার টাকায় বিক্রি করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এএস