রাজধানীর মগবাজারে আজহার মাসুম (২৬) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
অসুস্থ অবস্থায় বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে রাত পৌনে ১১টার দিকে মারা যান তিনি।
আজহার সিলেটের গোলাপগঞ্জ গ্রামের ইমাম আলীর ছেলে। তিনি মগবাজারের আমবাগানের ৫২৭/২১/সি বাসায় নভেম্বরের ১ তারিখে ওঠেন।
ওই বাসার আরেক ভাড়াটিয়া তোতা মিয়া জানান, সন্ধ্যায় অসুস্থ অবস্থায় বাসার সামনে আজহার হঠাৎ পড়ে যান। এ সময় বুক জ্বলে যাচ্ছে বলে জানান আজহার। তাৎক্ষণিক তাকে রমনার একটি কমিউনিটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ক্লিনিকের দায়িত্বরত চিকিৎসক তাকে দ্রুত ঢামেকে নিয়ে যেতে বলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ১১টার দিকে মারা যান তিনি।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আবদুস সালাম জানান, বিষাক্ত কোনোকিছু খেয়ে আজহারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে বলেও জানান তিনি।
এএইচ





