নারায়ণগঞ্জের ফতুল্লার শিহারচরের তক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান শুরু করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছার পর এ অভিযান শুরু হয়।

বাড়িটি জয়নাল আবেদীন নামে বাংলাদেশ ব্যাংকের সাবেক এক কর্মকর্তার বলে জানা গেছে।

গতকাল রোববার দিবাগত রাত থেকে ফতুল্লার তক্কারমাঠ এলাকায় ওই ব্যাংক কর্মকর্তার বাড়িটি ঘিরে অভিযান চালায় পুলিশ। অভিযানে ব্যাংক কর্মকর্তার ছেলে ফরিদ উদ্দিন রুমি (২৭), তার ছোট ভাই জামাল উদ্দিন রফিক (২৩) ও রুমির স্ত্রী জান্নাতুল ফুয়ারা অনু (২২)কে আটক করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ফতুল্লার তক্কার মক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে জয়নাল আবেদীনের একটি টিনশেড বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। এর সঙ্গে জেলা পুলিশের সদস্যরাও সহযোগিতা করছে।’

কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা জানান, ওই বাড়ি থেকে এখন পর্যন্ত তিন জনকে আটক করে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বাড়িতে কোনও বিস্ফোরকদ্রব্য ও এক্সক্লুসিভ জাতীয় কিছু থাকতে পারে এমন সন্দেহে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

পুলিশ বলছে, বাড়িটিতে বোমা তৈরি করা হয়। সেখানে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম রয়েছে। বোম্ব ডিস্পোজাল ইউনিট রোবটের মাধ্যমে বাড়িটি পর্যবেক্ষণ শুরু করেছে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত আছেন। অভিযান পুরোপুরি শেষ হলে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ব্রিফ করা হবে বলে জানান ওসি আসলাম।

এএস