মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বত্তরা। এতে ভেতরে থাকা গাড়ির সুপারভাইজার ও হেলপার দগ্ধ হয়েছেন। 

সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এ ঘটনা ঘটে। 

দগ্ধ সুপারভাইজারের নাম আবুল হোসেন (৩২), আর হেলপারের নাম মাসুম আহমদ (২৮)। দু’জনই রাস্তার পাশে পার্ক করে রাখা গাড়িতে ঘুমোচ্ছিলেন। তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রাতে ইন্টারন্যাশনাল স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা সিলেট-জ-১১০-৮১৮ নম্বরের যাত্রীবাহী বাসটিতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বাসে থাকা সুপারভাইজার ও হেলপার দু’জনেই দগ্ধ হন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

জেআই