কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে। এই ঘটনায় বাসের অন্তত আরও ১০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালী মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই চালকের মধ্যে একজন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মৃত শাহজাহানের ছেলে মোহাম্মদ লিটন (৩৫)। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক। অন্যজন বাসচালক। তবে তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী বলেন, ট্রাকটি (নারায়ণগঞ্জ-ট-০২-০৩২৬) ছিলো কংক্রিট বোঝাই। এই ট্রাকের সঙ্গে হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-০৭৯১) যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক লিটন নিহত হয়। আর গুরুতর আহত বাসচালককে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ সময় দুর্ঘটনাকবলিত দু’টি যানই দুমড়ে-মুচড়ে এবং খাদে পড়ে যায় বলে জানান তিনি।

এমবি